অভিষেক ম্যাচেই ব্যাট হাতে বাবা-ছেলের বিরল ইতিহাস দেখলো ক্রিকেট বিশ্ব

 



ক্রিকেট ইতিহাসে বিরল এক অধ্যায় রচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং তার ছেলে হাসান ইসাখিল একই দলে একাদশে জায়গা করে নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো নোয়াখালী এক্সপ্রেস।




এর আগে ঘরোয়া ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে একে অপরের বিপক্ষে খেললেও একই দলের জার্সিতে কখনো মাঠে নামা হয়নি নবী ও ইসাখিলের। বিপিএলে সেটিই প্রথমবার ঘটল। ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে একই দলের হয়ে বাবা–ছেলের একাদশে খেলার ঘটনা এটিই প্রথম।




চলতি বিপিএলে নিলামের মাধ্যমে নয়, সরাসরি চুক্তির ভিত্তিতে মোহাম্মদ নবী ও হাসান ইসাখিলকে দলে নেয় নোয়াখালী এক্সপ্রেস। সেই সময় থেকেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল—কবে একই ম্যাচে একাদশে দেখা যাবে এই বাবা–ছেলেকে। একাধিক ম্যাচ পার হলেও সেই সুযোগ আসেনি।




শেষ পর্যন্ত দলের অষ্টম ম্যাচে এই দুই আফগান ক্রিকেটারকে একসঙ্গে একাদশে অন্তর্ভুক্ত করেছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।




বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী। ইনিংসের শুরুতে সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে নামেন হাসান ইসাখিল।




এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে নোয়াখালী। হাসান ইসাখিল অপরাজিত আছেন ২৮ রানে।

Post a Comment

Previous Post Next Post